প্রবাসীদের কথা চিন্তা করে মাদারীপুর জেলা পুলিশের প্রবাসী সহায়তা ডেক্স চালু
প্রবাসীদের নিরাপত্তা ছাড়পত্র, পাসপোর্টের ঠিকানা যাচাই, প্রাক-পরিচয় যাচাই, দেশের মধ্যে পারিবারিক সমস্যাদি ও নিরাপত্তার ক্ষেত্রে সহায়তা প্রদানকে সহজ ও দ্রুততর করতে প্রবাসী সহায়তা ডেক্স চালু করেছে মাদারীপুল জেলা পুলিশ।
মাদারীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, প্রবাসীদের নিরাপত্তা ছাড়পত্র, পাসপোর্টের ঠিকানা যাচাই, প্রাক-পরিচয় যাচাই, দেশের মধ্যে পারিবারিক সমস্যাদি ও নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের সহায়তার প্রয়োজন হয়।
প্রবাসীদের কল্যাণ, সকল পুলিশী ও আইনি সহায়তায় সার্বক্ষণিক প্রদানের জন্য মাদারীপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ে প্রবাসী সহায়তা ডেস্ক স্থাপন, হটলাইন নাম্বার, ই-মেইল ও ফেসবুক পেইজ চালু করা হয়েছে। এই সহায়তা ডেস্কের মাধ্যমে প্রবাসীগণ প্রবাসে বসে পরিবারের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে বিভিন্ন অভিযোগ জানাতে পারবেন এবং পুলিশী সেবা ও সহায়তা গ্রহণ করতে পারবেন।
মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান জানান, মাদারীপুর একটি প্রবাসী অধ্যুষিত এলাকা এবং রেমিট্যান্স প্রাপ্তির ক্ষেত্রে মাদারীপুর জেলা শীর্ষে রয়েছে। এ জেলার অভিবাসীরা ইউরোপ, এশিয়া, মধ্য প্রাচ্য, উত্তর আমেরিকা, দক্ষিন আমেরিকা, অস্ট্রেলিয়া ও আফ্রিকা মহাদেশে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
এসকল প্রবাসীদের প্রবাসে বসে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের আইনী সহায়তা প্রয়োজন হয়। কিন্তু নির্দিষ্ট হেল্প ডেক্স না থাকায় অনেক সময়ই তারা সঠিকভাবে অভিযোগ বা তথ্য প্রদান করতে পারেন না। এসব প্রবাসীদের সহায়তা প্রদানের জন্য আমরা প্রবাসী হেল্প ডেক্সটি চালু করেছি। এটা সার্বক্ষণিক চালু থাকবে।
পুলিশ সুপার আরও জানান, প্রবাসীদের অভিযোগ ও তথ্যের ভিতিত্তে এই হেল্প ডেক্সের মাধ্যমে দ্রুততম সময়ে সকল পুলিশী সেবা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মাদারীপুর জেলা পুলিশ। তাই নির্ভয়ে ও নিঃসংকোচে পুলিশকে আপনার কাঙ্খিত সেবা সম্পর্কে অবহিত করুন এবং দ্রুততম সময়ে পুলিশী সেবা গ্রহণ করুন।
প্রবাসী হেল্প ডেক্সের হটলাইন নাম্বার হচ্ছে +৮৮০১৩২০০৯৮৩৩৩ (হটস্ অ্যাপসহ), ই-মেইলঃspmadaripur@police.gov.bd, ফেসবুকঃwww.facebook.com/spmadaripur এবং ফ্যাক্সঃ +৮৮০৬৬১৬১১০৮