জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন চট্টগ্রামের ডিসি (মাদারীপুরের কৃতি সন্তান) ইলিয়াস হোসেন।
জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা অনুযায়ী শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মাদারীপুরের কৃতি সন্তান মো. ইলিয়াস হোসেন। গত সোমবার সকালে সরকারি সেবা প্রদানে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ তার হাতে এ পুরস্কার তুলে দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ।
বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহাসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিসি ছাড়াও বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত ও উন্নয়ন শাখার উচ্চমান সহকারী নেপাল কান্তি দাশও শুদ্ধাচার পুরস্কার পান।
বিভাগীয় কমিশনার এবিএম আজাদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা বিনির্মাণে শুদ্ধাচার চর্চার বিকল্প নেই। প্রশাসন যত বেশি শুদ্ধ হয়ে সেবামুখী হবে ততই জাতির কল্যাণ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন কর্মকণ্ড আরও ত্বরান্বিত করতে হলে প্রত্যেককে অবশ্যই শুদ্ধাচার কৌশল অবলম্বন করতে হবে। লোভ সংবরণ করে শুদ্ধাচার চর্চা করতে পারলে একদিকে মানুষ উপকৃত হবে অন্যদিকে নিজেরা সর্বত্র সম্মানিত হবে।
২০১৮ সালের ৬ মার্চ বন্দরনগরী চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন বিসিএস ২০তম ব্যাচের কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন। এরপর থেকে চট্টগ্রামের সার্বিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এর মধ্যে রয়েছে কর্ণফুলী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, সরকারি জায়গা দুখলমুক্ত করা, স্মার্ট আর্মস লাইসেন্স ছাড়াও স্মার্ট ডিলিং লাইসেন্সের মাধ্যমে জেলা প্রশাসনের নানা সেবা চালু, ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় ক্ষতিপূরণের চেক হস্তান্তরে স্বচ্ছতা, ভূমি অধিগ্রহণ সংক্রান্ত সব ধরনের প্রয়োজনীয় তথ্য নিয়ে একটি ওয়েবসাইট তৈরি এবং শিক্ষা, স্বাস্থ্যসহ নানা সেক্টরের উন্নয়ন।
Good news